আশুলিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০১:০০ পিএম

আশুলিয়ায় বাস চাপায় আনছার আলী (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি উদ্ধার করলেও ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার সিএমপি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাঁধাবাড়ি গ্রামের নজিমুদ্দিনে ছেলে। তিনি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে ব্যাটারিচালিত ওই রিকশাটি ডিভাইডার দিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই রিকশাচালকের মাথা বাসের চাকায় পিষ্ট হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে রিকশাটিও দুমড়ে মুচড়ে যায়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত রিকশাটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটিও শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত