নির্বাচনী ক্যাম্পের উদ্বোধনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, তাই আচরণবিধি লঙ্ঘন হয়নি।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর আগেই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনকে নিয়ে উত্তরায় ক্যাম্প উদ্বোধন করায় দুটি ধারায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আতিকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার আতিকুল তার প্রতিনিধির মাধ্যমে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়ে শোকজের জবাব দেন। নির্বাচনী ক্যাম্পের উদ্বোধনের অভিযোগ এনে শোকজ নোটিশ দেয়া হলেও আতিকুল জবাবে বলেছেন মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, তাই আচরণবিধি লঙ্ঘন হয়নি।
শোকজের জবাবে আতিকুল ইসলাম বলেন, আমার মনোনয়ন উপলক্ষে উত্তরা থানা আওয়ামী লীগ একটি মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমি যোগদান করি, কিন্তু কোন প্রকার নির্বাচনী প্রচারণা মূলক বক্তব্য প্রদান করিনি। এতে সিটি করপোরেশনের (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর কোন বিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে হয় না।
শোকজ জবাবে তিনি আরও বলেন, ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বিধিবিধানগুলো মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হয় নাই, হবেও না।
এ প্রসঙ্গে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে যে শোকজ নোটিশ দিয়েছিলাম সেটির জবাব পেয়েছি। আমরা ক্যাম্পের বিষয়টি জানতে চেয়েছিলাম, তবে জবাবের চিঠিতে সেটি উল্লেখ নেই।’
গত ৬ জানুয়ারি সোমবার রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে আতিকুলকে দুই দিনের মধ্যে ক্যাম্প উদ্বোধনের বিষয়ে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।
