সুনামগঞ্জে ছাতক উপজেলায় বড়কাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক কর্মীসহ দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড়কাপন নামকস্থানে একটি মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহতের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ গ্রামের এখলাছুর রহমানের ছেলে হাসান আহমদ সুমন (২৮)। তিনি সিলেট এমসি কলেজে পড়াশোনা করতেন এবং সিলেট মহানগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এ সময় পথচারী এক নারী (৫৫) মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত সাগর আহমদ (২০) নামের আরেক পথচারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন জানান, মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হাসান আহমদ ও এক নারী মারা যান। পিকআপের চালক জাবেদ মিয়াকে আটক করা হয়েছে। নিহত দুজনের লাশ ছাতক উপজেলার কৈতক স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।
