ঢাবি ছাত্রী ধর্ষণে গ্রেপ্তার মজনু ৭ দিনের রিমান্ডে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৩:৪৫ পিএম

ঢাকার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।

রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রী। শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী।

সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে একা পড়ে থাকতে দেখেন। এরপর সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাতে চড়ে ক্যাম্পাসে ফেরেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত