মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীতে শুক্রবার দুপুরে নিখোঁজ প্রকৌশলী মেহেদী হাসান জিসানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুপুর ১টার দিকে উপজেলার পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় প্রকৌশলী জিসানের লাশ উদ্ধার করা হয়।
বাংলা ক্যাট নামে একটি কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন মেহেদী হাসান জিসান। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
প্রকৌশলী জিসান সাভারের আশুলিয়ায় বসবাস করতেন। গত ৬ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে জিসান ও একই কোম্পানির প্রকৌশলী লিখন সরকার নিখোঁজ হন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ইসি) মো. ফরিদউদ্দিন জানান, ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা নিখোঁজ প্রকৌশলী মেহেদী হাসান জিসানের লাশ শনাক্ত করেছে।
ওসি আরও জানান, জিসানের কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে এসব আঘাতের চিহ্ন কোনো নৌযানের ইঞ্জিনের দ্বারা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
