অবরুদ্ধ সিকৃবি উপাচার্য মুক্ত, নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণার পর উপাচার্য ড. মতিয়ার রহমান হাওলাদার অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নিয়োগ পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে কর্মচারী পরিষদ ও ছাত্রলীগের একাংশ। পরে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা ও আন্দোলনরতদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে রাত ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে, সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নিয়োগ পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রক্টর কার্যালয়ের ভবনের মূল ফটক তালাবন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

রাত ৯.৪৫ মিনিটে বিভিন্ন অনুষদের ডিনদের প্রশাসনিক ভবনে প্রবেশের কথা বলে তালা খোলানো হলে রেজিস্ট্রার, ছাত্র পরামর্শক, প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তারা বের হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।  

পরে রাত সাড়ে ১২টার দিকে প্রক্টর সোহেল মিঞা পরীক্ষা স্থগিত ঘোষণা করলেও অন্য দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যায় আন্দোলনকারীরা।

পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান ক্যাম্পাসে গিয়ে উপাচার্য ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত ১ টায় কারা অবরোধ প্রত্যাহার করেন।  

প্রক্টর সোহেল মিঞা বলেন, নিয়োগ পরীক্ষার প্রার্থীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে পরীক্ষা বাতিলের বিষয়টি অবহিত করা হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা আসিকুর রহমান অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নিয়োগ পরীক্ষার আয়োজন করায় আমরা প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের অংশ হিসেবে প্রশাসনিক ভবন ও প্রক্টর কার্যালয়ের ভবনের মূল ফটকে তালা দেওয়া হয়েছিল। পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে কর্মচারী পরিষদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারাও কর্মসূচি প্রত্যাহার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত