মুজিববর্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্পৃক্ততা চায় বাফুফে

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১০:২১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফুটবলে মুজিববর্ষের সূচনা হবে ১৫ জানুয়ারি। এদিন মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। দু’দিন পর দেশব্যাপী শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য। শনিবার তিনি সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছেন বাফুফে ভবনে তাদের করণীয় ঠিক করতে।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে একঝাঁক মুক্তিকামী বাংলাদেশি ফুটবলার ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে গঠন করেন স্বাধীন বাংলা ফুটবল দল। তৎকালীন অস্থায়ী সরকারের সহযোগিতায় এই দলটি ভারতজুড়ে অনেকগুলো প্রীতি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘শনিবার দুপুরে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি,’ জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ফুটবলের বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ত করতে চাই। স্বাধীন বাংলা ফুটবল দলের কিছু সদস্য ঢাকায় থাকেন। বাকিরা বিভিন্ন জেলায়। তারা যাতে জেলা পর্যায়ে শুরু হতে যাওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে সম্পৃক্ত হতে পারেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত