জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণ গণনা উপভোগ করছেন গোপালগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা দেশের ন্যায় গোপালগঞ্জের দুইটি স্থানে ক্ষণগণনা শুরু হয়। জেলা শহরের লঞ্চঘাট ও টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ক্ষণগণনার জন্য দুইটি ঘড়ি স্থাপন করা হয়েছে।
টুঙ্গিপাড়ার ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার ঘড়ি স্থাপনসহ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহরের লঞ্চঘাট এলাকায় সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
এ ছাড়া অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়েরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
