পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।
অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘সকালে পানি গরম করতে চুলা জ্বালাতে গেলে স্যার দগ্ধ হন। ডেল্টা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকায় রওনা হয়েছেন।’
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি। আজাদুর রহমানের হাত ও মুখ পুড়ে গেছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
