ফরিদপুর শহরে কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চক্ বাজার শিবমন্দির এলাকার পেছনে কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ৬৫ বছর বয়স্ক ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৃদ্ধার পরনে পেটিকোট, ব্লাউজ ও শীতের সোয়েটার ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, পরিচয় শনাক্তের জন্য মৃতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ছাপ পুলিশের ব্যার অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মাধ্যমে পরীক্ষা করে তার পরিচয় সনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভাসমানভাবে উদ্ধার করা ওই মৃত্যু একদিন আগে ঘটে থাকতে পারে। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
