বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হতে চলছে, অথচ প্রশাসন ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে এখনো বিএনপি-জামায়াতের ভূত রয়ে গেছে। নইলে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম কেন? এ তালিকা তৈরিতে স্বাধীনতাবিরোধী আমলাদের হাত রয়েছে। প্রশাসনের কোনো জায়গায় তাদের রাখা যাবে না। এদের অচিরেই চিহ্নিত করে ছাঁটাই করতে হবে’।
এ সময় তিনি আরো বলেন, ‘জাতীয় রাজনীতিতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আজকে বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ থাকতে হবে। কারণ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই’।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইছমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ উদ দৌলাহসহ আরো অনেকে।
