বিএনপি এখন নালিশের দল উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশ যখন শীতে কাঁপছে বিএনপির মহাসচিব তখন ঢাকায় বসে টেলিভিশনে নালিশ আর নালিশ করছে। বিএনপি নামের দলটি দেশে মানুষের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে নিজেদের জন্য। ক্ষমতায় থেকে জনগণের টাকা লুট করে নিজেদের নেতাকর্মীদের পকেট ভর্তি করিয়েছে।
শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে রংপুর বিভাগের আট জেলার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। চলমান শীতসহ অন্যান্য দুর্যোগে দেশের মানুষের পাশে আমরা আছি, ভবিষ্যতেও থাকব। এই শীতে দেশের একটি মানুষও শীতবস্ত্র কিংবা খাদ্য সংকটে কষ্ট করবে না। কেউ শীতে মরবে না। শেখ হাসিনার সরকার একটি মানুষকেও শীতে কষ্ট ভোগ করতে দেবে না।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আশাবাদী উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনে ইভিএমসহ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে। বিএনপি অ্যানালগ বাংলাদেশ চায়, তারা সেই মান্ধাতার আমলেই পড়ে রয়েছে। তারা ডিজিটাল বাংলাদেশ চায় না বলেই ইভিএম নিয়ে তাদের আপত্তি।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ কর্তৃক রংপুর বিভাগের আট জেলার জন্য ৪৫ হাজার কম্বল সংশ্লিষ্ট জেলার সভাপতি-সম্পাদকের হাতে তুলে দেন ওবায়দুল কাদের। এর আগে সৈয়দপুর উপজেলার তিন হাজার দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় বাণিজ্য মন্ত্র টিপু মুনশি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
