‘এমন দিন আসবে সরকার থাকবে ডিটেনশন সেন্টারে আর আমরা হব মুক্ত’

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৯:৫৩ পিএম

ভারতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আবারও সরব হলেন দেশটির অ্যাক্টিভিস্ট ও লেখিকা অরুন্ধতী রায়।

দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইন ইস্যুতে (সিএএ) মন্তব্য করে আবারও আলোচনায় তিনি।

শনিবার অরুন্ধতী বলেন, ‘আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য এত বড় ডিটেনশন সেন্টার করা সম্ভব না।’

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি এমনটা বলেন। সিএএ'র প্রতিবাদে জামিয়া মিলিয়া ও আলীগড় বিশ্ববিদ্যালয়টির বিক্ষোভরত শিক্ষার্থীরা হামলার শিকার হন।

শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে আলীগড়ে হাজির হন অরুন্ধতী।

সেখানে তিনি আরও বলেন, ‘এমন একদিন আসবে যেদিন সরকার থাকবে ডিটেনশন সেন্টারে আর আমরা থাকব মুক্ত। এর আগ পর্যন্ত আমাদের থামবো না।’

এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক বিক্ষোভে অংশ নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন বুকার পুরস্কারপ্রাপ্ত এই লেখিকা। তিনি বলেন, ‘লাথি ও বুলেট খেতে আমাদের জন্ম হয়নি’।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা বলছেন দাবি করে অরুন্ধতী বলেন, ‘তিনি রামলিলা গ্রাউন্ডে মিথ্যা দাবি করে বলেছেন যে, এনআরসি নিয়ে সরকার কিছু বলেনি এবং দেশে কোনো ডিটেনশন ক্যাম্প নেই। তিনি এ মিথ্যা বলার সাহস পেয়েছেন কারণ এমন কোনো মিডিয়া নাই যে তাকে এ নিয়ে প্রশ্ন করবে।’ 

অরুন্ধতী উত্তর প্রদেশের মুসলমানদের হত্যা করা হচ্ছে এবং তাদের নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ আনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত