দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় উপাচার্য বলেন, ‘১৯৭১ সালে বিজয় এবং সংগ্রামের বছরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথচলায় বিশ্ববিদ্যালয়টি দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সামষ্টিক প্রচেষ্টায় আগামী দিনেও গৌরবের এই ধারা অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ছাড়াও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বেলা বারোটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বেলা সাড়ে তিনটায় সেখানে পুতুল নাচের প্রদর্শনী, বিকেল পাঁচটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা সাতটায় ‘নকশীকাঁথা ব্যান্ড’ এর সংগীতানুষ্ঠান হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়।
১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অধ্যাদেশের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিল রেখে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামকরণ করেন। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।
পরবর্তী সময়ে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। তবে ২০০১ সাল থেকে এ দিনটিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
