কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তা শুনে তাদেরই বড় ডাক্তার মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা ডাক্তার আছেন, তারা নন বরং বিএনপির নেতারাই বড় ডাক্তার। কারণ তারা বলছেন, খালেদা জিয়ার অসুস্থতা নাকি গোপন করা হচ্ছে। আসলে খালেদা জিয়ার স্বাভাবিক অসুস্থতাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে তাকে মানুষের সামনে খাটো করা হচ্ছে। এই পথ অনুসরণ না করতে বিএনপিকে অনুরোধ করব।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক স্বদেশ প্রতিদিন-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি সবসময় অপরাজনীতিতে ব্যস্ত। তার অসুস্থতা পুরনো। এ সমস্যা নিয়ে তিনি দুবার প্রধানমন্ত্রী, দুবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির মতো একটি দলের নেতৃত্ব দিয়েছেন। তাই খালেদা জিয়া যতটুকু অসুস্থ তার চেয়ে বেশি দেখিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’ খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালনÑ এটা মানুষের কাছে কতটুকু পৌঁছাবেÑ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত দুদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন মানুষের কাছে কতটুকু পৌঁছাবে? আমিও তার কাছে প্রশ্ন রাখতে চাই, খালেদা জিয়া যিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার দিন মিথ্যা জন্মদিন পালন করে কেক কাটেন, তিনি মুজিববর্ষে কী অবদান রাখতে পারবেন? তাকে জেল থেকে মুক্তি দিলে তিনি আবারও ১৫ আগস্ট কেক কাটার সুযোগ চান?’
