এই আবেদনে সাড়া না দেওয়ার কি কোনো কারণ আছে! অস্ট্রেলিয়ার বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট। তাই একটি প্রীতি ম্যাচ করতে চায় তারা। আগামী ৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ম্যাচটিতে বিশেষ কিছু না হলে আশানুরূপ অর্থ পাওয়া যাবে না। এই বিশেষ কিছু হলো রিকি পন্টিং-শেন ওয়ার্নদের ফেরা। এক ম্যাচের জন্য অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন অজি কিংবদন্তিরা। বোর্ডের ডাকে সাড়া দিয়ে বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য এই মানবিক ম্যাচ খেলবেন সাবেকরা। রিকি পন্টিং, শেন ওয়ার্ন, বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্টসহ অনেকেই খেলবেন এই প্রীতি ম্যাচে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট।
গত অক্টোবর থেকে বনে উৎপত্তি হওয়া দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। লক্ষ-লক্ষ একর জায়গা পুড়ে গেছে তাদের। বলা হচ্ছে দক্ষিণ কোরিয়া যতটুকু আয়তনের ততটুকুই শেষ হয়ে গেছে দেশটির। মানুষের ঘরবাড়ি তো বটেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণিকুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রতীক কোয়ালা ও ক্যাঙ্গারু, এই দুই প্রাণীর অসহায়ত্বের ছবি ফুটে উঠেছে। যা দেখে ভারাক্রান্ত পুরো বিশ্ব। তাই অস্ট্রেলিয়ানদের বিভিন্ন দাতব্য সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অর্থ জোগানের চেষ্টা করছে। ব্যক্তি উদ্যোগেও চলছে এই চেষ্টা। সম্প্রতি শেন ওয়ার্ন তার টেস্ট ক্যাপ নিলামে তুলেছিলেন। টেনিস গ্রেট সেরেনা উইলিয়ামস দান করেছেন অকল্যান্ড ক্লাসিকে জেতা প্রাইজমানি। গত তিন বছরে এটাই সেরেনার প্রথম শিরোপা। এছাড়া ফাইনাল ম্যাচে পরা ড্রেসও নিলামের জন্য দান করেছেন সেরেনা।
প্রীতি ম্যাচের ভেন্যু এখনো ঠিক হয়নি এবং কারা খেলবেন সেটাও চূড়ান্ত হওয়ার বাকি আছে। কিন্তু দিনতারিখ ঠিক হয়েছে। ৮ ফেব্রুয়ারি এই ম্যাচটির দিনে অস্ট্রেলিয়া-ভারত নারী টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগের ফাইনালও হবে। এই ফাইনালের আগেই প্রীতি ম্যাচটি আয়োজন করতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানান, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়াও আছে। আমরা সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। যা থেকে আয় করা অর্থ সবটাই যাবে ক্ষতিগ্রস্তদের জন্য।’
