হ্যাটট্রিক করা আগুয়েরোকে ‘কিংবদন্তি’ বললেন গার্দিওলা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১১:১১ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ার দিনে হ্যাটট্রিক করা আগুয়েরোকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি মনে করেন, এই মুহূর্তে আগুয়েরো পৃথিবীর ‘দ্বিতীয় সেরা’ স্ট্রাইকার।

অ্যাস্টন ভিলাকে ৬-১ ব্যবধানে হারানোর ম্যাচে আগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে বিদেশিদের মধ্যে সর্বাধিক গোলের মালিক হয়েছেন।

৩১ বছর বয়সী আগুয়েরো থিয়েরি হেনরিকে ছাড়িয়ে ১৭৭ গোলের রেকর্ড গড়েছেন। বসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পাশে।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘সে কিংবদন্তি। এমন একটি রেকর্ড গড়ার দিনে এখানে থাকতে পেরে আমি গর্বিত।’

আগুয়েরো এদিন সিটির তৃতীয়, পঞ্চম এবং ষষ্ঠ গোল করেন। প্রিমিয়ার লিগে এটি তার ১২তম হ্যাটট্রিক। লেস্টারকে টপকে তার দল এখন টেবিলের দুই নম্বরে।

২০২১ সালে সিটির সঙ্গে আগুয়েরোর চুক্তি শেষ হবে। এটি বাড়বে কি না সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি গার্দিওলা, ‘এটা তার ব্যাপার। তার ওপরই সবকিছু নির্ভর করবে।’

‘মেসি সেরা,’ মন্তব্য করে বার্সেলোনার সাবেক কোচ বলেন, ‘মেসি ৯, ১০, ১১, ৬, ৪ নম্বর।  বাকি সব আগুয়েরো।’

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে যারা খেলেছেন সর্বাধিক গোলদাতার তালিকায় তাদের মধ্যে অ্যালান শিয়ের (২৬০), ওয়েন রুনি (২০৮) এবং অ্যান্ডি কোল (১৮৭) আগুয়েরোর আগে রয়েছেন।

এরপর আগুয়েরোর (১৭৭) অবস্থান। বিদেশিদের মধ্যে তার পরের দুজন হেনরি (১৭৫) এবং রবি ফাওলা (১৬৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত