নীলসাগর এক্সপ্রেসের কেবিন থেকে যাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৭:২৩ পিএম

আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কেবিন থেকে মাহবুব রশীদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ। গত রবিবার রাত ১টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির এসি বার্থ কেবিন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহবুবের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বাড়ি ফেরার জন্য রবিবার সকালে নীলসাগর এক্সপ্রেসের এসি-বার্থ কেবিনে উঠেন মাহবুব। রাত ১টার দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনে দায়িত্বরত গার্ড ও অ্যাটেনডেন্টসরা কেবিনটি ভেতর থেকে বন্ধ পান।

একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কেবিনের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

ওসি বলেন, ‘মাহবুবের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ জিআরপি থানায় নিয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার চাইলে লাশের ময়নাতদন্ত করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত