নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোদনাইল বার্মাস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন একটি পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহদী ইমরান সিদ্দিকী।
নিহতরা হলো– শামীম (৮) ও মনির (৭)। শামীমের বাবার নাম রবিউল আলম আর মনিরের বাবার নাম আব্দুল জব্বার। তারা দুজনই রংপুরের গঙ্গাছড়া উপজেলার পাইখানছড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তারা গোদনাইল এসও এলাকার বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া। দুইজনই পেশায় অটোরিকশা চালক।
রবিউল আলম জানান, গত ১০ জানুয়ারি শামীম ও মনির নিখোঁজ হয়। পরদিন থানায় জিডি করা হয়। খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে ডুবে গেছে বলে মনে করছেন স্বজনরা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, পুকুরে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।
