মানবতাবিরোধী অপরাধ: কায়সারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১০:০৭ এএম

মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে নির্বিচারে হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ মৃত্যুদণ্ড বহাল রাখেন।

এই বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মো. নুরুজ্জামান।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কায়সারের করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়। গত বছরের জুলাইতে আপিলের ওপর শুনানি শুরু হয়ে গত ৩ ডিসেম্বর শুনানি শেষ হয়।

আদালতে কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ কায়সারকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা ১৬টি অভিযোগের মধ্যে ১৪টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ধর্ষণের দুটিসহ সাতটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি সাতটিতে তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত