নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরালা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১২:০০ পিএম

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে দেশটির কেরালা রাজ্য সরকার।

দেশের প্রথম রাজ্য হিসেবে নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেরালা শীর্ষ আদালতের দ্বারস্থ হলো জানিয়েছে এই সময়।

এই আইনের বিরুদ্ধে ইতোমধ্যেই ৬০টিরও বেশি পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

তবে এই ডিভিশন বেঞ্চের নেতৃত্বে থাকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে সোমবার বলেছেন, ‘শবরীমালার সমস্যা অনেক পুরোনো। তাই এই বিষয়েই আগে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরে সিএএ এবং ৩৭০ ধারা (কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত) নিয়ে শুনানি হবে।’

কেরালার বাম নেতৃত্বাধীন সরকার শীর্ষ আদালতে করা তাদের আবেদনে বলেছে, নাগরিকত্ব আইন সংবিধানের একাধিক ধারাকে লঙ্ঘন করে। এর মধ্যে রয়েছে সংবিধান বর্ণিত প্রত্যেক মানুষের সমান অধিকারের স্বীকৃতি।

এ ছাড়া দেশের ধর্মনিরপেক্ষ পরিচয়কেও এই আইন লঙ্ঘন করে বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে।

এর পাশাপাশি ২০১৫ সালের পাসপোর্ট আইনে আনা বদল এবং ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডারের বৈধতাকেও চ্যালেঞ্জ করেছে কেরালার পিনারাই বিয়জন সরকার।

নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে পালিয়ে আসা অমুসলিম মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে। ধর্মীয় পরিচয়কে নাগরিকত্ব প্রদানের মাপকাঠি হিসেবে ধরায় সরব হয়েছে প্রায় গোটা দেশ।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকত্ব তালিকার বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ জন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের। বিক্ষোভকারীদের সম্পত্তি ক্রোক করতেও শুরু করেছে রাজ্য সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত