চাঁপাইনবাবগঞ্জে সৎভাইকে হত্যার দায়ে কেতাব আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কেতাব আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-হাউসনগরের বিশারত আলীর ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, কেতাবুল আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিলো তার সৎভাই জাহাঙ্গীর আলমের।
২০১৮ সালের ৩ মে রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মনাকষা চৌধুরিপাড়া মোড় এলাকায় জাহাঙ্গীর আলমকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন কেতাবুল আলী।
ওই ঘটনায় ৪ মে নিহত জাহাঙ্গীরের ছেলে অসীম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক মাহতাব আলী ওই বছরের ২৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত কেতাব আলীকে এই দণ্ডাদেশ প্রদান করেন।
