ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে এখন দেশটির সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। খেলোয়াড়ি জীবনে ছিলেন ডাকাবুকো। সে যেমন ব্যাটিংয়ে, তেমনই অধিনায়কত্বেও। মাঠের মতো ক্রিকেট প্রশাসকের চেয়ারে বসেও এখন পর্যন্ত সবার বাহবা পেয়ে চলেছেন ‘প্রিন্স অব কলকাতা’। প্রশাসকের এই কাজকে অবশ্য ব্যাটিংয়ের চেয়ে অনেক সহজই মনে হচ্ছে সৌরভের।
সোমবার ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি স্পোর্টস্টারের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই এক প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘চাপের মুখে খেলাটা অনেক কঠিন। কারণ ব্যাটিংয়ে একবারই সুযোগ মিলে। যা খুবই কঠিন। কিন্তু এখানে (বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে) আমি একটি ভুল করলে পরে শুধরে নিতে পারব। কিন্তু অফস্টাম্পের বাইরে গ্লেন ম্যাকগ্রাকে খোঁচা দিলে শুধরে নেওয়ার উপায় নেই।’
