গ্রেপ্তার আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১২:৪২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনায়েত শেখ (৩৫) নামে ১৩ মামলার আসামি নিহত হয়েছেন। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে।

উপজেলার শেখর ইউনিয়নের বাড়ানখোলা এলাকায় বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত এনায়েতের বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির বনচাকী গ্রামে।

বোয়ালমারী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ডাকাতি-ধর্ষণ ও মাদকসহ ১৩ মামলার আসামি এনায়েত শেখকে আটক করা হয়। পরে তাকে নিয়ে শেখর ইউপির বাড়ানখোলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে ওৎপেতে থাকা ডাকাত দলের অপর সদস্যরা পুলিশের উপর গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এনায়েত নিহত হন। এ ঘটনায় ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। 

তিনি বলেন, ডাকাত দলের সদস্যদের ছোড়া গুলিতে এনায়েত আহত হন। পরে সেখান থেকে তার মৃতদেহ বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনায়েতের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

এনায়েতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত