জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০২:৫৮ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন কর্মকর্তাকে গতকাল বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সহকারী রেজিস্ট্রার আরেফুল আযিম ও উপ-পরিচালক শেখ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন। দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।

একইদিন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল কবির ইমনকে সরকারি কাজের কমিশন আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক মো. নূরুল হুদা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইমনের বিরুদ্ধে দলের পদবি ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার এবং সুনামগঞ্জ শহরে বিলাসবহুল বাড়ি, ধানম-িতে ফ্ল্যাট, ব্যাংকে এফডিআরসহ নামে-বেনামে ৯০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আছে। অভিযোগ আছে পাওয়ার গ্রিডের পরিচালক হিসেবে বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত