খুলনা ও নরসিংদীতে মজুরি কমিশনের স্লিপ পেল শ্রমিক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০২:১৫ এএম

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মজুরি কমিশন বাস্তবায়নের স্লিপ পেয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্ব স্ব মিলে গেটসভার মধ্য দিয়ে শ্রমিক নেতা ও মিলের কর্মকর্তারা এই স্লিপ দেন।

স্লিপ পেয়ে আনন্দে ভাসছে রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা। এখন স্লিপ অনুযায়ী মজুরি কমিশনের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্র জানায়, ২০১৫ সালে পে-কমিশনের সঙ্গে মজুরি কমিশন ঘোষণা করা হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত পাটকলের ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়নে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়। দীর্ঘ সাড়ে ৪ বছর আন্দোলনের পর অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে মজুরি কমিশন।

শ্রমিক আব্দুস সালাম মিয়া বলেন, এবার ছেলে-মেয়েদের নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে পারব। সন্তানদের স্কুলে পাঠাতে পারব। অন্য শ্রমিকদের মতো তার চোখে-মুখেও দেখা যায় হাসির ঝিলিক।

প্লাটিনাম জুবিলি জুট মিলের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, স্ব স্ব মিলে গেটসভার মাধ্যমে শ্রমিক নেতাদের উপস্থিতিতে মিলের কর্মকর্তারা সাধারণ শ্রমিকদের মধ্যে মজুরি কমিশনের স্লিপ বিতরণ করেছেন।

অন্যদিকে, নরসিংদীতে পাটকল শ্রমিকদের প্রত্যাশিত দাবি বাস্তবায়নের পর নতুন মজুরি কমিশন স্লিপ প্রদান শুরু করেছে ইউএমসি জুট মিল কর্র্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শ্রমিকদের মধ্যে এ স্লিপ প্রদান শুরু করা হয়।

ইউএমসি জুট মিলের শ্রমিক নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি বাস্তবায়ন করেছে সরকার। হাতে স্লিপ পেয়ে আমরা খুব আনন্দিত। এখন দ্রুত সময়ের মধ্যে টাকাটা হাতে পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারব।’ জুট মিলের মহাব্যবস্থাপক গাজী শাহাদত হোসেন বলেন, ‘সরকারের নির্দেশনায় ২৫০০ শ্রমিকের মধ্যে নতুন মজুরি কমিশন স্লিপ বিতরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বেতনের টাকা পরিশোধ করা হবে।’

মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নামেন শ্রমিকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত