তাড়াশের মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামের বাবা কবির উদ্দিনকে (৭০) গত বুধবার সন্ধ্যায় তার ছেলে জাহিদুল ইসলাম (৩২) জুয়া খেলার টাকা না পেয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ সময় মেয়ে কহিনুর (৪৭) বৃদ্ধ বাবাকে রক্ষার জন্য এগিয়ে এলে তাকেও জাহিদুল পিটিয়ে আহত করে।
এ ঘটনায় কবির উদ্দিন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। বর্তমানে গুরুতর আহত বাবা ও মেয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
কবির উদ্দিন জানান, তার দুই ছেলে ও পাঁচ মেয়ে। তিনি পাঁচ মেয়েকেই বিয়ে দিয়েছেন। দুই ছেলে বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে পৃথক সংসার করছে। তার ছোট ছেলে জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত। জুয়া খেলার টাকা জোগাতে প্রায়ই সে জোরপূর্বক বাড়ির ধান-চাল নিয়ে বিক্রি করে। এভাবে গত কয়েক বছরে তার ১৪ বিঘা জমির মধ্যে ৮ থেকে ৯ বিঘা জমি বিক্রি করে ছেলের জুয়া খেলার ঋণ পরিশোধ করে তিনি এখন নিঃস্ব।
