ধানের শীষের মিছিলে অনেক বেশি মানুষ অংশগ্রহণ করছে: মির্জা ফখরুল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১২:২৪ এএম

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ার জন্যই বিএনপি অংশগ্রহণ করছে দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মের নেতাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা যদি জনগণকে একত্রিত করতে পারি, তাহলে অবশ্যই নির্বাচনে জয়ী হতে পারব। সুতরাং আমরা হেরে যাবে, এ কথা বলতে রাজি নই। আমরা হারব না, অবশ্যই এখানে বিজয় লাভ করব। ধানের শীষের মিছিলে অনেক বেশি মানুষ অংশগ্রহণ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নির্বাচনে আস্থাহীনতা, ইভিএম ব্যবহার: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা সিটি নির্বাচনে ধানের শীষের যে মিছিল হচ্ছে সেখানে অনেক বেশি মানুষ অংশগ্রহণ করছে। তাদেরকে যদি আমরা সংহত করতে পারি এবং আন্দোলনের দিকে নিয়ে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আর সে কারণেই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা বিশ্বাস করি, নির্বাচনে জয়ী হওয়ার জন্যই আমরা অংশগ্রহণ করেছি।

দলের মহাসচিব বলেন, আমরা যখন ভোটে যাই, সেটাও আন্দোলনের অংশ। আমরা যখন এখানে আলোচনা করি সেটাও আন্দোলনের অংশ। সবকিছু নিয়ে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের দিকে যাওয়ার চেষ্টা করছি। ভুল-ত্রুটি আছে, থাকতেই পারে। তারপরও প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি সফলতার জন্য।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব ও সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত