বিদ্যার দেবী সরস্বতী। শুভ্র তার গায়ের রং। সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা। পবিত্রতার মূর্তি আর জ্ঞানদান করেন বলে তিনি জ্ঞানদায়িনী। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি, মন্দিরে অনুষ্ঠিত হয় এই পূজা। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর ঝিনাইদহ জেলার ৬ উপজেলার ১ হাজারেরও বেশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজা মন্দিরে অনুষ্ঠিত হবে এ পূজা।
এ উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিনরাত যেন দম ফেরার ফুরসত নেই তাদের। কেউবা তৈরি করছেন মূল কাঠামো, কেউবা সেই কাঠামোতে মাটির প্রলেপ দিচ্ছেন। আবার অনেকে করছেন রং-তুলির কাজ। পূজার আগেই শেষ করতে হবে সব কাজ।
শহরের হামদত কালীতলা পূজামন্ডপে কাজ করা মৃৎশিল্পী সুজন পাল বলেন, এ বছর তিনি ১০০টি প্রতিমা তৈরি করছেন। সর্বনিম্ন ৬০০ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত প্রতিমাগুলো বিক্রি করা হবে।
পলাশ কুমার পাল বলেন, পূজার আর ১৪ দিন বাকি। এর মধ্যেই আমাদের সব প্রতিমা তৈরি শেষ করতে হবে। বেশির ভাগ প্রতিমার কাঠামো, মাটির প্রলেপ দেওয়া শেষ হয়েছে। এখন বাকি রং-তুলির কাজ। দুর্জয় টিকাদার নামের এক মৃৎশিল্পী বলেন, এখন আবহওয়া ভালো থাকায় প্রতিমা তৈরিতে কোনো অসুবিধা হচ্ছে না। রোদের কারণে প্রতিমাগুলো ভালোভাবে শুকানো যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই রং-তুলির কাজ শেষে করে পূজারীদের প্রতিমা দিতে হবে। এ জন্য দিন-রাত কাজ করতে হচ্ছে তাদের।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সরস্বতী পূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেসব মন্ডপে পূজারীর সংখ্যা বেশি হবে সেসব স্থানে পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি থাকবে।
