সিপিবি: পূজার দিন ভোটে হতাশ, ইভিএম নিয়ে ক্ষুব্ধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৪:২৯ পিএম

সরস্বতী পূজার দিন ভোটগ্রহণের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে না আসায় নতুন সংকটের সৃষ্টি হচ্ছে জানিয়ে হতাশা প্রকাশ করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত দলটিকে ক্ষুব্ধ করেছে।

সিপিবির সম্পাদক ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত প্রধান নির্বাচন কমিশনারকে ফ্যাক্সযোগে পাঠানো এক চিঠিতে দলটির এ অবস্থানের কথা তুলে ধরা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- 'নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার পর গত ২৬ ডিসেম্বর ২০১৯ সংবাদ সম্মেলনের মাধ্যমে সিপিবির পক্ষ থেকে জামানতের টাকা কমানোসহ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছিল। তা মানা হয়নি। ৩০ জানুয়ারি ২০২০ সরস্বতী পূজা থাকায়, নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বানও ওই সংবাদ সম্মেলনে করা হয়েছিল। এই তারিখ পরিবর্তন না করে এখন নির্বাচনকে ঘিরে নতুন সংকট তৈরি হচ্ছে। আমরা অবিলম্বে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণের অনুরোধ করছি।'

এই নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে অংশগ্রহণকারী সকলে একমত হতে পারেনি। এমনকি ইভিএম-এর মাধ্যমে ভোটদানে অতীতে আমাদের অভিজ্ঞতাও সুখকর নয়। পৃথিবীর অন্যান্য দেশেও ইভিএম বিতর্কের অবসান হয়নি। তাই, সার্বিক বিবেচনায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করছি।

এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে সংলাপ করারও উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।'

চিঠিতে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন বলেও অভিযোগ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত