জমে উঠেছে আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন। উত্তর ও দক্ষিণ-দুই করপোরেশনের মেয়র প্রার্থী-সহ কমিশনার প্রার্থীরা অভিনব নানা উপায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের হয়ে মাঠে নেমেছেন তারকারাও। জানা যায়, আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলামের প্রচার সঙ্গী হয়ে ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি, শমী কায়সার, মাজনুন মিজানসহ আরও অনেকে।
ঢাকার একটি বস্তিতে গিয়ে সুইটি-শমী কায়সারসহ তারকারা মেয়রপ্রার্থী আতিকের পক্ষে ভোট চান। শনিবার রাজধানীর কড়াইল বস্তির দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী আতিকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন আতিকের স্ত্রী শায়লা। এ সময় তার সঙ্গে উল্লেখিত তারকারা ছিলেন।
লিফলেট বিতরণের সময় বস্তিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে আতিকের পরিকল্পনা রয়েছে বলে বস্তিবাসীদের আশ্বস্ত করেন শায়লা। তিনি বলেন, ‘বস্তিবাসীরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা নিশ্চিত হয়- নির্বাচিত হলে মেয়র আতিক সেসব বিষয় নিয়ে কাজ করবেন।’
এদিকে অভিনেত্রী শমী কায়সার জানিয়েছেন, নৌকার প্রার্থী আতিকুল ইসলাম আতিক একজন পরিচ্ছন্ন-উদ্যমী মানুষ। তিনি নির্বাচিত হলে সুস্থ, সচল ঢাকা গড়বেন।
