জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হলে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ পরামর্শ’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি। জাতীয় সংসদের উদ্যোগে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পিকার বলেন, এক কোটি শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে তাদের মা-বাবার কাছে পৌঁছে যাচ্ছে। আর ইংরেজি বছরের প্রথম দিনেই ৩৫ কোটি নতুন বই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের হাতে। সমাজ থেকে ইভ টিজিং বন্ধ করতে হবে।
সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। সকালে স্পিকারের নেত্বত্বে সংসদের প্রতিনিধিদলটি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বাবা মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সাংসদ মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে বিকেলে ফিরোজা বেগম শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তারা।
