ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলামের বক্তব্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে তাদের শঙ্কার কথা প্রমাণিত হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জালভোট ঠেকাতে প্রস্তুত রয়েছে কি না, এটি এখন নগরবাসীর প্রশ্ন। গতকাল শনিবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসির উদ্দেশে বিএনপির এ মেয়র প্রার্থী বলেন, ‘একজন নির্বাচন কমিশনার বলেছেন, কেন্দ্র দখল করতে পারলে ইভিএমে ভোট চুরি করা যায়। এ বক্তব্য দিয়ে কমিশন কী বলতে চাচ্ছে? ভোটকেন্দ্র দখল করা যাবে না, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত কি-না, এসব কথা আমাদের আশঙ্কা বাড়িয়ে দেয়।’
এরপর তাবিথ আউয়াল ২২, ২৩, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, মধুবাগ, বনশ্রী, মগবাজার, হাজীপাড়া, রামপুরাসহ আশপাশের এলাকায় প্রচার চালান।
