সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় এজাহারভুক্ত আসামি লাল্টুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোরে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে থানায় মামলা করেন মেয়েটির বাবা।
গ্রেপ্তার লাল্টু উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইসলাম গাজীর ছোট ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার পরিবারের সদস্যরা নিজেদের মাছের ঘেরে কাজ করতে যান। দুপুরে প্রতিবন্ধীর দাদি ও তার ছোট বোন বাড়ি এসে দেখতে পান ঘরের বারান্দায় প্রতিবন্ধী মেয়েটির মুখ চেপে মাদকসেবী লাল্টু ধস্তাধস্তি করছে। ধস্তাধস্তিতে তার নাতনির পোশাক ছিঁড়ে যায় ও তার শরীরে আঁচড়ের দাগ হয়ে যায়। এ সময় তারা চিৎকার করে উঠলে লাল্টু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে লাল্টুকে আসামি করে কলারোয়া থানায় মামলা করেন।
মেয়েটির বাবা বলেন, বিষয়টি মীমাংসা করার জন্য গ্রামের প্রভাবশালী লোকদের দিয়ে লাল্টু তাদের চাপ দিতে থাকেন। এ কারণে তাৎক্ষণিকভাবে তারা মামলা করেননি। বিষয়টি থানা-পুলিশ জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ এ বিষয়ে সুবিচার পাওয়ার আশ্বাস দেন। মামলা করার পর রবিবার ভোরে মাদকসেবী লাল্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরেই থানা পুলিশের চেষ্টায় অভিযুক্ত লাল্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
