চট্টগ্রাম শহরের শিক্ষার্থীদের জন্য বিনা ভাড়ায় বাসের ব্যবস্থা করেছে সরকার। শিগগিরই এসব বাসে করে যেকোন গন্তব্যে যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা।
তবে এসব বাসে ‘সততা বাক্স’ থাকবে। যেখানে জনপ্রতি পাঁচ টাকা করে শিক্ষার্থীদের জমা দেওয়ার অনুরোধ রাখা হবে। যা ঐচ্ছিক। এ টাকা না দিয়েও বাসে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা। বাস ভাড়ার জন্য কেউ শিক্ষার্থীদের বিরক্ত করতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১০টি ডাবল ডেকার বাস উপহার দিয়েছেন, যেগুলো ২০ জানুয়ারির পর থেকে চলাচল শুরু করবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিগগিরই এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীরা বিশেষ করে সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা যেকোন গন্তব্যে এসব বাসে চলাচলের সুযোগ পাবে।
এসব বাসের সামনে এবং পেছনে ‘সততা বাক্স’ নামে দুটি বাক্স থাকবে যেখানে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে পাঁচ টাকা করে জমা দিতে পারবেন।
এ বাসের ১ নম্বর রুট হচ্ছে- বহদ্দারহাট থেকে শুরু হয়ে নিউ মার্কেট থেকে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা এবং কোতোয়ালি এলাকা।
২ নম্বর রুটটি হচ্ছে- অক্সিজেন মোড় থেকে আগ্রাবাদ হয়ে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস এলাকা।
এসব বাস পরিচালনার ব্যয়ের ঘাটতি পূরণ করতে, জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকার বিজ্ঞাপন প্যাকেজের জন্য ২ বছরের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
বিআরটিসি ডিপো সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রত্যেক দিন সকালের শিফটের বাসগুলো সকাল ৬টা ১৫ মিনিট থেকে সোয়া ১২ পর্যন্ত এবং বিকালের শিফটে ৪টা থেকে ৫টার মধ্যে চলাচল করবে।
খবর: ইউএনবি।
