দুই দিন বিরতির পর আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরায় নীলফামারীতে আবারও বেড়েছে শীতের তীব্রতা।
রোববার সকাল থেকেই ঘন কুয়াশার চাঁদরে ঢাকা ছিল নীলফামারীর আকাশ। সারা দিন দেখা মেলেনি সূর্যের। এদিকে দুপুর দেড়টার দিকে ঝড়তে থাকা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
রোববার সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী মো. লোকমান হাকিম বলেন, ‘শনিবার নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে তাপমাত্রা কমে রবিবার জেলা সর্ব নিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ এবং সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি, হালকা, কিংবা মাঝারি আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৬ জানুয়ারি থেকে জেলায় তাপমাত্রা আরও কমবে।
