বিশ্বকাপে মাহমুদউল্লাহকে অধিনায়ক চান ডমিঙ্গো

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১০:৩৩ পিএম

বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্বে দেখতে চান তিনি।

গত অক্টোবরে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর ভারত সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান মাহমুদউল্লাহ। তার আগেও অবশ্য সাকিবের অনুপস্থিতিতে টেস্ট ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে।

ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর নেতৃত্ব মুগ্ধ করেছে টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচ ডমিঙ্গোকে। রোহিত শর্মাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতার। শুক্রবার শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাই মাহমুদউল্লাহকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ডমিঙ্গোর বলছেন, ‘আমি আশা করি সে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেবে।’

রবিবার মিরপুরে টাইগারদের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে ডমিঙ্গো আসলে মাহমুদউল্লাহর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, ‘ওর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমি মনে করি ভারতে সে দুর্দান্তভাবে দায়িত্ব সামলেছে। আমি তার সঙ্গে কাজ করতে উপভোগ করছি। আমি মনে করি সে খুব ভালো একজন পেশাদার খেলোয়াড়। ড্রেসিং রুমেও তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। সে বিশ্বমানের একজন খেলোয়াড়। সে আমার অধিনায়ক।’

এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। পাকিস্তান সফরের পর থেকে তাই বিশ্বকাপকে লক্ষ্য রেখেই সব পরিকল্পনা ঠিক করতে চান ডমিঙ্গো। জানালেন, ‘এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন (পারফর্ম) করছে তার ওপর। যদি কেউ তার গভীরতা থেকে সরে যায় তবে আমরা তাকে নিয়ে যেতে পারি না। যদি কোনো খেলোয়াড়ের নিজেকে তুলে ধরার ভালো সম্ভাবনা থাকে তাকে আপনাকে নিতেই হবে। এই সিরিজের পর আমরা আমাদের স্কোয়াড যতটা সম্ভব ছোট করে আনার চেষ্টা করব। আমি মনে করি সামনের কিছু সিরিজ আমরা সর্বোচ্চ ১৬ থেকে ১৭ জন খেলোয়াড় নিয়ে খেলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত