৪৮ বছর পর স্বেচ্ছাশ্রমে রাস্তা পুনর্নির্মাণ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০১:১৩ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৪৮ বছর পর প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যরে গ্রামীণ রাস্তা স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণ শুরু হয়েছে।

উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর সেতু থেকে তারানগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা স্থানীয় শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণের কাজ করছেন। লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এ কাজের উদ্যোগ নিয়েছেন।

গত শনিবার শুরুর দিনে পাঁচ শতাধিক নারী-পুরুষ এ কাজে অংশ নেন। গতকাল রবিবার কাজ করেন সহস্রাধিক মানুষ। ১২ ফুট প্রশস্ত রাস্তাটির পুনর্নির্মাণ কাজ আগামী মঙ্গলবারের মধ্যে শেষ করতে পারবেন বলে জানান চেয়ারম্যান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর ওই সড়কে মাত্র একবার বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে কিছু মাটি ফেলা হয়। এরপর থেকে এ পর্যন্ত ওই সড়কে কোনো কাজ হয়নি। সড়কটি ভেঙে যাওয়ায় আশপাশের নয়টি গ্রামের হাজারো মানুষকে হেঁটে ওই সড়কে যাতায়াত করতে হচ্ছে। গ্রামের কেউ অসুস্থ হলে বেশ ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া শিক্ষার্থীসহ বৃদ্ধরা ওই ভাঙাচোরা সড়কে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। এলাকাবাসীকে ঘোড়ার পিঠে বা ঠেলাগাড়িতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে কৃষিপণ্য বাজারে নিয়ে বিক্রি করতে হয়।

গৌরীপুর গ্রামের বৃদ্ধ শামসুল খাঁ বলেন, ৪৮ বছরে কেউ রাস্তাটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি। ইউপির সাবেক সদস্য কুমকুম নকরেক জানান, ১৯৭২ সালে কারিতাসের উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরও ওই তিন কিলোমিটার গ্রামীণ সড়ক কেউ পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি। আমার এলাকার জনগণের সার্বিক আন্তরিক সহযোগিতায় গত শনিবার প্রায় পাঁচ শতাধিক এবং গতকাল প্রায় সহস্রাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি পুনর্নির্মাণের কাজ করছে। আশা করি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস্তাটির কাজ আগামী মঙ্গলবারের মধ্যে শেষ করা যাবে। রাস্তার কাজ শেষ হলে দুটি উচ্চ বিদ্যালয়, তিনটি মাদ্রাসা এবং গৌরীপুর, বালুচরা, নলচাপড়া ও রাজনগর এ চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই সহস্রাধিক শিক্ষার্থীসহ নয়টি গ্রামের মানুষ ইজিবাইকে করে যাতায়াত করতে পারবেন। আর কৃষকরা তাদের উৎপাদিত ফসল স্বল্প সময়ে ও খরচে পরিবহন করতে পারবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত