মাদারীপুরে দোকান-বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটের অভিযোগ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০২:৪৩ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে এক ব্যবসায়ীর মুদির দোকানে ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী এমদাত খাঁ। সোমবার দুপুরে ভুক্তভোগী ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার থানার বালীগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের ব্যবসায়ী এমদাত খাঁর সঙ্গে একই এলাকার বিল্লাল জমাদ্দারের দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল।

এর জের ধরে বিল্লাল জমাদ্দারের নেতৃত্বে মিরু জমাদ্দার ও নুর হোসেনসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথম এমদাত খাঁর মুদির দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে। এরপর তার বসতবাড়িতে হামলা চালায় তারা।

এ সময় হামলাকারীরা এমদাত খাঁর দোকান ও বসতঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এমদাত খাঁ বাদী হয়ে উপজেলার ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ নিয়ে সোমবার উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী এমদাত খাঁ বলেন, আমার দোকান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে, বিল্লাল জমাদ্দার ও তার লোকজন।

জানতে চাইলে বিল্লাল জমাদ্দার এ ঘটনা অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত