সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের নীলপুর বাজারে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ গিয়ে উত্ত্যক্তকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নীলপুর এলাকার খেয়াঘাটে দীর্ঘদিন থেকে জানীগাঁও গ্রামের কয়েক যুবক ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি ওই যুবকদের পরিবারকে একাধিকবার জানানোর পরও কোনো ফল হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিক্ষার্থীরা তাদের কাছে বখাটেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে ছাত্রীদের উত্ত্যক্তকারী হিসেবে জানীগাঁও গ্রামের আনহার, ইয়াহিয়া ও সাব্বিরের নাম উল্লেখ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই কবির আহমদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।
