পটুয়াখালীর কলাপাড়ায় এক গার্মেন্টস কর্মীকে (২০) বাড়ি থেকে অপহরণ করে সারা রাত ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
এ ঘটনা প্রকাশ করলে খুনের হুমকি দেওয়াসহ বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বুধবার বেলা ১১টায় পুলিশ খবর পেয়ে ওই নারীর মাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা লোন্দার মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়লের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
কলাপাড়া থানার এসআই আবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে ওই গার্মেন্ট কর্মীকে আবাসন পল্লীর নাইট গার্ড তোফাজ্জেল মাদবরের ঘর থেকে দা গলায় ঠেকিয়ে তুলে নেয় পলাশ মোড়ল বাহিনী।
ভোরে ওই গার্মেন্ট কর্মীতে ফের বাড়িতে রেখে কাউকে এ খবর না জানানোর জন্য খুনের হুমকি দেওয়া হয়। এক পর্যায় ভিকটিমকে ঢাকায় যেতে বাধ্য করা হয়। এরপরে পলাশ মোড়লের স্ত্রীসহ একটি চক্র ওই পরিবারের ওপর পাহারা বসায়।
পুলিশ বুধবার গিয়ে ভিকটিমকে না পেলেও তার মাকে থানায় নিয়ে আসে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার নকিব দেওয়ান ও মামুন গাজীকে আটক করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
