শাহজাদপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলায় ২ সাংবাদিক লাঞ্ছিত

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৭:৩৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদক ব্যবসায়ী মানিক সরকার ও তার ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন- দৈনিক করতোয়া ও মানবজমিন পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক (৪৭) ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি হাসানুজ্জামান তুহিন(৪৭)।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শাহজাদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিকরা মানিক সরকার ও হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান।

হামলার শিকার দুই সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে সাংবাদিক সাগর বসাক নতুনমাটি এলাকায় যাচ্ছিলেন। এ সময় মানিক সরকার ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন তার পথরোধ করে গালিগালাজ করেন। সে তাদের পাশ কাটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ফেরার পথে একই ভাবে তাকে আটকানোর চেষ্টা করে তারা। কিন্তু সাগর বসাক এবারও কৌশলে তাদের পাশ কাটিয়ে চলে যান।

পরে পৌর সদরের দাড়িয়াপুর বাজারে সাগর বসাকের নিজের কাপড়ের দোকানে ওই রাতেই মানিক সরকার ও তার সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে মারপিট করে। এ সময় সাগরকে উদ্ধারে সাংবাদিক হাসানুজ্জামান তুহিন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারপিট ও লাঞ্ছিত করে। একপর্যায়ে আক্রান্ত দুই সাংবাদিককে রক্ষায় ব্যবসায়ীরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ক্ষুব্ধ সাংবাদিক ও ব্যবসায়ীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিলে পরিস্থিত শান্ত হয়।

বুধবার সকালে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে ওসি আতাউর রহমান ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারে সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এ ঘটনায় সাংবাদিক সাগর বসাক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত