গত বছর শুরুতে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন শোয়েব মালিক। মাঝের সময়ে আর কোনোবার কুড়ি-বিশের দলে ডাক পাননি। প্রায় এক বছর দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভাগ্য খুলল তার। এই সুবাদে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি দেখা যাবে শোয়েব মালিককে? নির্ভরযোগ্য পাকিস্তান অলরাউন্ডার অবশ্য অতদূরে তাকাচ্ছেন না। আপাতত বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়েই সব ভাবনা আবদ্ধ তার।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কিন্তু মালিকের। খেলেছেন মোট ১১১ ম্যাচ। একশ’র বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একজন, রোহিত শর্মা। ভারত ওপেনার খেলেছেন ১০৪ ম্যাচ। আবারও দলে সংক্ষিপ্ততম ফরম্যাটে সুযোগ পাওয়ায় নিজের রেকর্ড আরও বাড়াতে পারছেন মালিক। রেকর্ড-বিশ্বকাপ এসব নিয়ে আপাতত চিন্তা নেই মালিকের। বাংলাদেশ সিরিজে নিজের দায়িত্ব পালন করতে চান তিনি, ‘এখন শুধু বাংলাদেশ সিরিজের জন্য দলে সুযোগ পেয়েছি। আমি এই সিরিজে যতটা সুযোগ পাব তা কাজে লাগাব। বিশ্বকাপ অনেক দূরের বিষয়, আর আমি লম্বা পরিকল্পনা করি না। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। আমি নিজেও মনে করি তরুণ প্রতিভাবানদের বেশি সুযোগ থাকা উচিত। আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না কারণ ওটা অনেক দূরে।’
ঘরের মাঠে পূর্ণশক্তির বাংলাদেশকে পাচ্ছেন না মালিক। নিষেধাজ্ঞার কারণে সাকিব নেই। আর ব্যক্তিগত কারণে নেই মুশফিকুর রহিম। ১০ বছর অপেক্ষার পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে পরিপূর্ণ ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। তারপরও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন মালিকরা। এমন উপলক্ষে মুশফিকের প্রতি একটি বার্তাও দিয়েছেন মালিক, ‘মাত্র একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যক্তিগত কারণে আসছেন না, এটা আমরা জানতে পেরেছি। তাকে আমি অনুরোধ করব এইবার না এলেও পরেরবার যেন তিনি পাকিস্তানে আসেন এবং নিজে থেকেই পরিস্থিতি দেখে নেন।’
