ধর্ষিতাকে বিয়ে করলে অপরাধ রেহাই পাবে ধর্ষক, এমন একটি বিতর্কিত বিল আনতে যাচ্ছে তুরস্কের পার্লামেন্ট। চলতি মাসের শেষের দিকে বিলটি পার্লামেন্টে পাস হতে পারে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, অনূর্ধ্ব ১৮ বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক গড়ার পর তাকে বিয়ে করার বিধান রাখা হয়েছে বিলটিতে। এর ফলে অভিযুক্ত ব্যক্তি শাস্তি থেকে রেহাই পাবে।
ইতিমধ্যে ‘ধর্ষককে বিয়ে করার বিল’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে এটি। বিতর্কিত বিলটির বিরুদ্ধে তুরস্কের নারী অধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
দেশটির বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) বিলটির বিরুদ্ধে এরদোয়ান সরকারের কঠোর সমালোচনা করেছে। তাদের মতে, বিলটি আইনে পরিণত হলে বাল্যবিবাহ ও ধর্ষণকেই শুধু বৈধতা দেবে না, শিশু নিপীড়ন ও যৌন হয়রানির পথ সুগম করে দেবে।
এর আগে ২০১৬ সালে একই ধরনের একটি বিতর্কিত বিল থেকে পিছিয়ে আসে তুরস্ক। যৌন সম্পর্কে হুমকি বা শক্তিপ্রয়োগ না থাকলে পুরুষদের রেহাই দেয়ার বিধান ছিল বিলটিতে। সেসময় এটিকে ঘিরে দেশে-বিদেশে ক্ষোভ প্রকাশ পায়।
