আসামে একসঙ্গে ৬৪৪ বিচ্ছিন্নতাবাদীর আত্মসমর্পণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৭:৩৫ পিএম

ভারতের আসাম রাজ্যে আটটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মোট ৬৪৪ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। গুয়াহাটিতে বৃহস্পতিবার তারা অস্ত্র জমা দেন।

উলফা, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড-সংবিজিত, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ বেঙ্গলিস, রাভা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, সিপিআইএমএল, ন্যাশনাল সাঁওতাল লিবারেশন আর্মি এবং আদিবাসী ড্রাগন ফাইটার্স সংগঠনের আত্মসমর্পণকারীরা এ দিন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সামনে অস্ত্র সমর্পণ করেন।

রাজ্যটির মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ‘আসামের জন্য আজ এক স্মরণীয় দিন। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সবার প্রতি আহ্বান, আপনাদের পুনর্বাসনের জন্য গঠিত সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে দেশ গঠনে অবদান রাখুন।’

এ দিন আত্মসমর্পণের পরে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ বেঙ্গলিসের স্বঘোষিত কমান্ডার ইন চিফ কমল পাল বলেন, ‘আসামে বাঙালিদের নিরাপত্তার প্রয়োজনে আমরা ২০১১ সালে এই সংগঠন গড়ি। এখন আমরা মনে করছি, এই বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। তাই আমরা অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নিয়েছি।’

আত্মসমর্পণকারীদের থেকে ১৭৭টির বেশি আগ্নেয়াস্ত্র, ১৬৮৬ রাউন্ড গুলি, ২ কেজি বিস্ফোরক, ৫২টি গ্রেনেড, ৭১টি বোমা, ৩টি রকেট লঞ্চার, ৫৮টি ম্যাগাজিন এবং ৩০০টিরও বেশি ডেটোনেটর উদ্ধার করা হয়।

মুখ্যমন্ত্রী সোনোওয়াল বলেন, ‘যারা এখনও বাইরে রয়েছেন, তাদের কাছে আবেদন জানাচ্ছি মূলস্রোতে যোগ দিন। আসামকে দেশের এক নম্বর রাজ্য হিসেবে গড়ে তুলতে শান্তি প্রক্রিয়া ও কর্ম উদ্যোগে অংশগ্রহণ করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত