স্বাস্থ্যমন্ত্রীর সাবেক এপিএসকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০২:০৯ এএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান সেখকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার কার্যালয়ে দুদকের উপপরিচালক সামছুল আলমের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে চলে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চাইলেও আরিফ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এর আগে ১৪ জানুয়ারি দুদক আরিফকে তলব করে চিঠি দেয়। পরদিন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দুদকের চিঠিতে বলা হয়, আরিফের বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট, বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। ওই সব বিষয়েই গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন দুদক কর্মকর্তা সামছুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত