যুব বিশ্বকাপেও আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:৩৩ এএম

জাতীয় দল পর্যায়ে টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার বিকেল ৩টায় শুরু হবে লড়াই। এদিন থাকছে দেশ দু’টির আরও একটি ক্রিকেট লড়াই। দুপুর ২টায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আগেই সুপার এইট নিশ্চিত করায় দু’দলের এই ম্যাচটি এখন গ্রুপ সেরার লড়াই। দুই জয়ে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪, নেট রানরেটে এগিয়ে আছে জুনিয়র টাইগাররা।

পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলে কোয়ার্টার-ফাইনালে অন্য গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে লড়াই করার সুযোগ মিলবে। তাতে জিতে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনাও বেশি থাকবে। বাংলাদেশ যুব দলের লক্ষ্য এবার ফাইনালে খেলা। তাই শীর্ষে থেকে সুযোগ কাজে লাগিয়ে সেমিফাইনালে উঠতে হবে আগে। তা করতে হলে পাকিস্তানকে হারাতে হবে আকবর আলিদের।

যুব ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের শক্তি প্রায় কাছাকাছি। এ পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছে দল দুটি। সাতটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নয়টিতে পাকিস্তান। একটি ম্যাচের ফল হয়নি।

দুই দলের মধ্যকার সর্বশেষ লড়াই ২০১৮ সালে। সেই ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ যুব দলই জিতেছিল। যুব বিশ্বকাপে পাকিস্তান যুব দলের বিরুদ্ধে তিন ম্যাচ খেলে দুটিতেই জিতে বাংলাদেশ যুব দল। একটি ম্যাচ হারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত