সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতা করেছিল শিবসেনা। এবার তাদের মুখেই শোনা গেল উল্টো সুর।
শনিবার দলটির মুখপাত্র ‘সামনা’য় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হলো, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিমদের ভারত থেকে বাইরে ছুড়ে ফেলা উচিত এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আনন্দবাজার পত্রিকা জানায়, পুরো ভারত দেশ যখন সিএএ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক সেই সময়ে এমন মন্তব্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।
দুই দিন আগেই পুনেতে সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের মুখেও একই কথা শোনা গিয়েছিল। ওই দিন তিনি বলেন, “ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।” সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, মুম্বাই থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে ৯ ফেব্রুয়ারি মিছিল বের করবেন।
রাজের সেই মন্তব্যের জন্য আক্রমণ করতে গিয়ে প্রায় একই সুরে কথা বলে রীতিমতো বেকায়দায় পড়েছে শিবসেনা। যদিও তারা এ কথাও বলেছে, সিএএ-তে যে সব ফাঁক রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরা জরুরি।
‘সামনা’য় রাজ ঠাকরেকেও আক্রমণ করেছে শিবসেনা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধানকে কটাক্ষ করে তারা বলেছে, যে দল মাসখানেক আগেই সিএএ’র বিরোধিতা করছিল, এখন তারাই নিজেদের রং বদলে ফেলেছে।
শিবসেনা আরও বলেছে, ১৪ বছর আগে রাজ ঠাকরে মারাঠা আদর্শ নিয়ে তার দল গড়ে তুলেছিলেন। কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সেই আদর্শ থেকে সরে এসে হিন্দুত্বের লাইন ধরেছেন এবং বিজেপির সুরেই কথা বলছেন। কিন্তু এমন রং বদলালে যে আখেরে কোনো লাভই হবে না রাজের, সে হুঁশিয়ারিও দিয়েছে শিবসেনা।
