খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৫৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দেয়, কারণ এর মাধ্যমে আগামীর নাগরিকরা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে। তিনি বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজকে স্বাধীন দেশে আমরা এ টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ আরও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক সেটাই আমরা চাই।’ গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০২০’র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময়ই খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং আমরা চাই এ খেলাধুলার মধ্য দিয়েই আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। আর সে লক্ষ্যেই আমরা প্রাথমিক স্কুলপর্যায় থেকেই মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি।’ শেখ হাসিনা বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং দেশের মানুষের কাছেও এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।’ সূত্র : বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত