তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২২

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৫:২৪ এএম

তুরস্কের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত শুক্রবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির ইলাজিগ প্রদেশের সিভরাইস শহরে।

ভূমিকম্পের পর ডজনের বেশি পরাঘাত তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে। ভূমিকম্পে রাজধানী আঙ্কারার সাড়ে ৫০০ কিলোমিটার পূর্বের ইলাজিগ প্রদেশেই ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারেতিন কোসা জানিয়েছেন। ইলাজিগের পার্শ্ববর্তী মালাতিয়া প্রদেশে প্রাণ গেছে আরও পাঁচজনের।

উদ্ধার অভিযান তদারকি করতে ফারেতিনের পাশাপাশি আরও বেশ কয়েকজন মন্ত্রীও প্রদেশ দুটিতে ছুটে যান। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩০ জনের খোঁজে উদ্ধার কার্যক্রম চলছে। ভূমিকম্পে হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী সুলিমান সোইলু জানিয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটিতে ইলাজিগের আংশিক ধসে পড়া একটি ভবনের ভেতর পুলিশ ও জরুরি বিভাগের কর্মীদের উদ্ধার অভিযান চালানোর ফুটেজ দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত